আজকের মধ্যে না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের ভোট: ইসি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:০৩ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালট আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) এর মধ্যে বাংলাদেশে না পৌঁছালে তা বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে প্রবাসী ভোটারদের সতর্ক করে কমিশন।

আরও পড়ুন: ভোটের দিন মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটাধিকার প্রয়োগের পর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার যথাক্রমে নির্ধারিত সাদা রঙের ব্যালট খামে রাখতে হবে। এরপর ঘোষণাপত্রে স্বাক্ষর করে সাদা ব্যালট খামসহ হলুদ খামের ভেতরে সংরক্ষণ করে দ্রুত নিকটস্থ ডাকঘর বা ডাকবাক্সে জমা দিতে হবে।

ইসি আরও জানায়, ব্যালট যদি ৫ ফেব্রুয়ারির মধ্যে দেশে না পৌঁছায়, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো সম্ভব নাও হতে পারে। ভোটগ্রহণের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে ব্যর্থ হলে তা ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।

আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের ১৭ মাসে মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক: এইচআরএসএস রিপোর্ট

এ কারণে প্রবাসী ভোটারদের যত দ্রুত সম্ভব পোস্টাল ব্যালট পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ (ন্যাশনাল চার্টার) বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো প্রবাসী ভোটার এবং দেশের অভ্যন্তরে তিন শ্রেণির ভোটার—সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কারাবন্দিদের জন্য পোস্টাল ভোটের ব্যবস্থা করা হয়েছে। এ ব্যবস্থায় প্রবাসী ও অভ্যন্তরীণ ভোটার মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন।