সংসদ সদস্যদের শপথ পড়াতে সিইসিকে চিঠি: সংবিধানসম্মত প্রক্রিয়ায় কালকে এমপিদের শপথ

Sanchoy Biswas
এম এম লিংকন
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ন, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:০৪ অপরাহ্ন, ০১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংবিধানসম্মত বিধান অনুসারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন। এ লক্ষ্যে জাতীয় সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিক পত্র প্রেরণ করা হয়েছে, যা কমিশন গ্রহণ করেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সংসদ সচিবালয়ের পাঠানো চিঠি কমিশনের নিকট পৌঁছেছে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির নতুন নেতৃত্ব নির্বাচিত

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানান, মঙ্গলবার সকাল ১০টা থেকে জাতীয় সংসদের শপথ কক্ষে শপথ পাঠ অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণ কার্যক্রম একাধিক দফায় সম্পন্ন হতে পারে। সে ক্ষেত্রে সদস্যদের গ্রুপভিত্তিকভাবে ডেকে শপথ পাঠ করানো হবে, যাতে সাংবিধানিক আনুষ্ঠানিকতা যথাযথভাবে রক্ষা পায়।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ জন প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তাদের নির্বাচনের গেজেট ইতোমধ্যে নির্বাচন কমিশন প্রকাশ করেছে, যা শপথ গ্রহণের পূর্বশর্ত হিসেবে বিবেচিত।

আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

সংবিধানের প্রাসঙ্গিক বিধান অনুযায়ী, নবনির্বাচিত সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত সদস্যদের শপথ পাঠ করাতে পারেন। চলতি পর্বে সেই বিধান কার্যকর হতে যাচ্ছে, যা দেশের সাংবিধানিক চর্চায় একটি তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্ট মহলের মতে, গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচিত সদস্যদের সাংবিধানিক স্বীকৃতি সম্পন্ন হওয়ায় শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সংসদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সূচিত হবে। শপথ গ্রহণের পরপরই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং সংসদের প্রথম অধিবেশন আহ্বানের প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।