শেখ হাসিনার সাবেক এপিএস খাইরুল মান্নানের বিরুদ্ধে ৪০ কোটি টাকা মানিলন্ডারিং মামলা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ন, ০৬ মার্চ ২০২৬ | আপডেট: ১২:০৭ অপরাহ্ন, ০৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্ত্রী-পুত্রকে সঙ্গে নিয়ে সাবেক সচিব ও বিডা'র সাবেক নির্বাহী সদস্যের ৪০ কোটি টাকার মানিলন্ডারিং: পরিবারের ৩জনের বিরুদ্ধেই সিআইডির মামলা

প্রাথমিক অনুসন্ধানে স্ত্রী ও পুত্রের সঙ্গে পরস্পর যোগসাজশে প্রতারণা ও অর্থ পাচারের তথ্য পাওয়ায় সাবেক সচিব ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর সাবেক নির্বাহী সদস্য মোঃ খায়রুল ইসলাম (মান্নান)সহ তার স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে ৪০ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

আরও পড়ুন: বিএনপির সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, অভিযুক্তরা খায়রুল ইসলামের স্ত্রী ইসরাত জাহান মিমের নামে MEGHMALA INTERNATIONAL LTD এবং তার ছেলে মোরসালিন ইসলাম সৌরদ্বীপের নামে MEGHMALA ESTATE LTD নামে দুটি কাগুজে (নামসর্বস্ব) কোম্পানি প্রতিষ্ঠা করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ২০১২ সালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র গুলশান শাখা থেকে প্রতিটি প্রতিষ্ঠানের নামে ২০ কোটি টাকা করে মোট ৪০ কোটি টাকা ঋণ গ্রহণ করেন।

অনুসন্ধানে আরও জানা যায়, ঋণের অর্থের প্রকৃত উৎস আড়াল করার উদ্দেশ্যে তা বিভিন্ন হিসাবে স্থানান্তর ও লেয়ারিং করা হয়। ভুয়া প্রতিষ্ঠান খুলে প্রাপ্ত ঋণের ওই অর্থ মোরসালিন ইসলাম সৌরদ্বীপের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র ধানমন্ডি শাখার হিসাবে জমা করা হয়। পরে সেখান থেকে ৪০ কোটি টাকা ডেবিট করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র বনশ্রী শাখায় “Union Bank (Proposed)” নামে একটি হিসাবে জমা দেওয়া হয়।

আরও পড়ুন: উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ১০ জন দগ্ধ

অনুসন্ধানে আরও জানা যায়, প্রতারণার মাধ্যমে নেওয়া ওই ঋণের অর্থ দিয়ে মোরসালিন ইসলাম সৌরদ্বীপ ইউনিয়ন ব্যাংক পিএলসির প্রতিষ্ঠালগ্নে স্পন্সর শেয়ার ক্রয় করেন। এভাবে আসামিরা ঋণের ৪০ কোটি টাকা পরিশোধ না করে প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেন এবং অপরাধলব্ধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করেন।

এ ঘটনায় সাবেক সচিব ও বিডার সাবেক নির্বাহী সদস্য খায়রুল ইসলাম (মান্নান), তার পুত্র মোরসালিন ইসলাম সৌরদ্বীপ এবং স্ত্রী ইসরাত জাহানের বিরুদ্ধে  ডিএমপি’র গুলশান থানার মামলা নং- ১৫, তারিখ- ০৫/০৩/২০২৬ খ্রি., ধারা- মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী-২০১৫) এর ৪(২)/৪(৪) রুজু করা হয়েছে।

বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন ও অন্যান্য আইনানুগ প্রক্রিয়ার স্বার্থে সিআইডির তদন্ত ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।

অর্থপাচার ও আর্থিক অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সিআইডি এবং এ ধরনের অপরাধে জড়িত যে কাউকে আইনের আওতায় আনতে সিআইডির অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।