গাজীপুরে পুলিশের গুলিতে আহত হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ন, ০৬ মার্চ ২০২৬ | আপডেট: ৯:০৮ অপরাহ্ন, ০৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত মোঃ হোসেন আলী’র চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা করেছেন– বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

 শুক্রবার (০৬ মার্চ ) বেলা ১২টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরের ছুড়িচালা এলাকায় আহত হোসেন আলী’র সঙ্গে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আবুল কাশেম।

আরও পড়ুন: সিংগাইরে মাটি কাটা বাধা দেয়ায় থানায় মিথ্যা চুরির অভিযোগ

প্রতিনিধি দলটি হোসেন আলী’র পরিবারের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি নতুন করে একটি চায়ের দোকান চালু করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তাও তুলে দেওয়া হয়।

এসময় কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশে ‘আমরা বিএনপি পরিবার’ এই ধরণের সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে আহত হোসেন আলীকে চিকিৎসা সহায়তার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ব্যবসায়িক সহায়তাও দেওয়া হয়েছে।”

আরও পড়ুন: বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

আহত হোসেন আলী চিকিৎসা সহায়তা পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এসময় উপস্থিত ছিলেন– গাজীপুর জেলা বিএনপি’র সদস্য মমতাজ উদ্দিন রেনু, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন ও মুস্তাকিম বিল্লাহ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, এমট্যাবের সহ-সভাপতি শহীদুল আমিন, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় আহত হোসেন আলী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসা ও পুনর্বাসনের আবেদন জানিয়েছিলেন।