নওগাঁর আত্রাইয়ে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যা করে আত্মহত্যা যুবকের
নওগাঁর আত্রাই উপজেলায় ছুরিকাঘাতে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার পর আত্মহত্যা করেছেন জয় সরকার (২৭) নামে এক যুবক। শুক্রবার (৬ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: নাজিরপুর হাসপাতালের রোগীদের খাবারের অর্ধেক যায় ঠিকাদার ও কর্মকর্তার পেটে
বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাজুল ইসলাম।
নিহতরা হলেন— উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের গৌতম সরকারের ছেলে জয় সরকার (২৭), তার স্ত্রী বৃষ্টি সরকার (২২) ও তাদের ২৭ মাস বয়সী কন্যা জিনি সরকার।
আরও পড়ুন: গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে গেল ঘোড়াশাল-পলাশ সার কারখানা
স্থানীয়রা জানান, জয় সরকার মাদকাসক্ত ছিলেন। স্বামীর মাদকাসক্তি ও বেপরোয়া আচরণের কারণে বৃষ্টি সরকার একাধিকবার সংসার ছেড়ে চলে গেলেও পরে আবার ফিরে আসেন। বৃহস্পতিবার রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে জয় সরকার তার স্ত্রী ও সন্তানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে একই ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।
ঘটনাস্থলেই বৃষ্টি সরকারের মৃত্যু হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুতর আহত জয় সরকার ও তার শিশুকন্যাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় বাবা ও মেয়ের মৃত্যু হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, খবর পেয়ে রাতেই বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত স্বামী ও সন্তানকে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, জয় সরকার মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে বেপরোয়া আচরণ করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও মাদকাসক্তির জের ধরে তিনি স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যা করে পরে আত্মহত্যা করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





