দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি
দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ইরান। একই সঙ্গে শিগগিরই নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মাদ নায়েইনি।
শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ইরানে যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা, শতাধিক লক্ষ্যবস্তুতে আঘাত
ব্রিগেডিয়ার জেনারেল নায়েইনি বলেন, আগ্রাসনের জবাব দিতে ইরান দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তিনি জানান, ‘ট্রু প্রোমিজ ৪’ অভিযানের আওতায় এখন পর্যন্ত যে ধারাবাহিক হামলা চালানো হয়েছে, তা ইরানের প্রকৃত সামরিক সক্ষমতার কেবল একটি ছোট অংশ মাত্র।
তিনি আরও বলেন, ইরানের নতুন উদ্যোগ ও নতুন প্রজন্মের অস্ত্র সামনে আসছে। এসব উন্নত প্রযুক্তি এখনো বড় পরিসরে ব্যবহার করা হয়নি। তাই শত্রুপক্ষকে প্রতিটি সামরিক অভিযানে কঠোর আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে।
আরও পড়ুন: ইরানের পাশে যুদ্ধে নামতে প্রস্তুত ইয়েমেনের আনসারুল্লাহ
নায়েইনি দাবি করেন, গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা ১২ দিনের যুদ্ধের তুলনায় বর্তমানে ইরান অনেক বেশি প্রস্তুত। চলমান এই সংঘাতকে তিনি ‘পবিত্র এবং বৈধ যুদ্ধ’ বলেও উল্লেখ করেন।
এদিকে একই সময়ে ইরান ইসরায়েলের তেল আবিব শহরে ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথাও জানায়। দেশটির দাবি, এই ক্ষেপণাস্ত্র উচ্চমাত্রার নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতা প্রদর্শন করেছে।





