খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ন, ১৬ মার্চ ২০২৬ | আপডেট: ১১:৫৩ পূর্বাহ্ন, ১৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সারাদেশে কৃষিকাজে সেচ সুবিধা সম্প্রসারণ ও জলাশয় পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ‘দেশব্যাপী খাল খনন কর্মসূচি–২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে দিনাজপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সফরের বিস্তারিত জানানো হয়। সূচি অনুযায়ী, দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় ‘সাহাপাড়া খাল’ খননের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী এই মেগা প্রকল্পের শুভ সূচনা করবেন।

আরও পড়ুন: পরিবেশ রক্ষায় সৈকতকে স্থাপনামুক্ত রাখতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আজ সকাল সাড়ে ৯টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে প্রধানমন্ত্রী নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সৈয়দপুর পৌঁছানোর পর সেখান থেকে সড়কপথে সরাসরি দিনাজপুরের অনুষ্ঠানস্থলে যাবেন তিনি।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে দুপুর সাড়ে ১২টায় কাহারোলে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতি সংস্কারে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: ২২ দিনে চট্টগ্রাম বন্দরে ২৫ জ্বালানিবাহী জাহাজ খালাস, আরও ২ দেশের পথে

জনসভা শেষে প্রধানমন্ত্রী দিনাজপুরের শেখ ফরিদ মডেল কবরস্থানে যাবেন। সেখানে তিনি তাঁর মরহুম নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

দিনের শেষভাগে বিকেল ৫টায় দিনাজপুর সার্কিট হাউস চত্বরে স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইফতার শেষে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।