রায়ের পর পুলিশের সঙ্গে আসামিদের ধাক্কাধাক্কি, ‘জয় বাংলা’ স্লোগান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪১ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:২৪ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাজাপ্রাপ্ত আসামিরা আদালত প্রাঙ্গণে হট্টগোল করেন এবং রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণার পর এ পরিস্থিতির সৃষ্টি হয়।

আরও পড়ুন: পুলিশ প্রশাসনে বড় রদবদল

ট্রাইব্যুনাল কক্ষ থেকে বের হওয়ার সময় সাজাপ্রাপ্ত আসামিরা দায়িত্বরত পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন এবং উচ্চস্বরে দাবি করেন, “আমরা এ রায় মানি না, আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।”

রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে আগে থেকেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন: অস্ত্র মামলায় ফয়সাল করিম রাহুল ও দাউদকে ১০ বছরের কারাদণ্ড

উল্লেখ্য, এদিন ট্রাইব্যুনাল রায়ে মামলার দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।

এর আগে আবু সাঈদ হত্যা মামলার রায়ে দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।  

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন— সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।