রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কার্যকর পদক্ষেপ: আইনমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:৫৬ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মনোয়ার হোসেনের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, বিগত অন্তর্বর্তী সরকারও এ ধরনের মামলা প্রত্যাহারের জন্য একটি কমিটি গঠন করেছিল। ওই কমিটির নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী কোনো হত্যা মামলা প্রত্যাহার করা হয়নি।

আরও পড়ুন: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

তিনি আরও জানান, চলতি বছরের ৫ মার্চ জেলা প্রশাসকের সমন্বয়ে জেলা পর্যায়ে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির কাজ হচ্ছে রাজনৈতিকভাবে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো পর্যালোচনা করে প্রত্যাহারের সুপারিশ করা।

এছাড়া জেলা কমিটির সুপারিশ যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে গত ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি জেলা পর্যায় থেকে আসা সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু

আইনমন্ত্রী বলেন, সংসদ সদস্যসহ যে কোনো ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক (হত্যা মামলাসহ) মিথ্যা ও হয়রানিমূলক মামলার ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করা হলে তা সংশ্লিষ্ট জেলা ও কেন্দ্রীয় কমিটি পর্যালোচনা করবে। পর্যালোচনায় কোনো মামলা হয়রানিমূলক হিসেবে প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সরকার এ ধরনের মামলা থেকে ভুক্তভোগীদের প্রতিকার দিতে আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।