দুই মাসে সরকারের ৬০ পদক্ষেপ, ৯ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১:০৬ পূর্বাহ্ন, ১৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন খাতে নেওয়া ৬০টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তুলে ধরা হয়েছে। এর মধ্যে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় ৯ হাজার ধর্মীয় শিক্ষকসহ বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমীন।

আরও পড়ুন: শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে: নৌপরিবহন মন্ত্রী

সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে ৬টি খেলায় ৩ জন করে মোট ১৮ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। মহানগর পর্যায়েও উন্মুক্ত খেলার মাঠের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ড. মাহদী আমীন জানান, শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা পুনরায় চালু করা হয়েছে, যেখানে প্রথমবারের মতো ক্রীড়া ও কোরআন তিলাওয়াত অন্তর্ভুক্ত করা হচ্ছে। এছাড়া জাতীয় সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০টি আসন বরাদ্দ এবং বইপড়া উৎসাহিত করতে বেসরকারি খাতের সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ নিয়ে শিক্ষামন্ত্রীর নতুন নির্দেশ

তিনি আরও বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও পাটের তৈরি ব্যাগ বিতরণের কার্যক্রম চলমান রয়েছে। ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্পের পাইলট কার্যক্রমও শুরু হয়েছে।

শিক্ষাক্রম আধুনিকায়নে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, কারিগরি শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

এছাড়া মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করতে স্মার্ট ক্লাসরুম স্থাপন, শিক্ষকদের প্রশিক্ষণ এবং কারিগরি কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রীড়াবিদদের জন্য স্পোর্টস কার্ড ও স্পোর্টস অ্যালাউন্স চালু করে ইতোমধ্যে শতাধিক ক্রীড়াবিদকে ভাতা প্রদান করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়।