আইনশৃঙ্খলা বাহিনীকে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশনা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:৪১ অপরাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে পেট্রোল পাম্প মালিকদের নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হাফিজ আল আসাদ স্বাক্ষরিত এক চিঠিতে গতকাল এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত টহল, জরুরি অভিযান ও দাপ্তরিক কাজ পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহন সার্বক্ষণিক সচল রাখা অত্যন্ত জরুরি।

আরও পড়ুন: স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

সম্প্রতি চুয়াডাঙ্গা জেলায় একটি পেট্রোল পাম্পে লাইনের শৃঙ্খলা ভেঙে জ্বালানি নেওয়ার ঘটনায় এক পুলিশ সদস্যকে ভ্রাম্যমাণ আদালত দণ্ড দিলে পুলিশ সদস্যদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন-এর সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)-এর কাছে আবেদন জানান, যাতে পুলিশ সদস্যদের জন্য পাম্পে আলাদা লাইন চালু করা হয়।

এছাড়া কারা অধিদপ্তরসহ অন্যান্য বাহিনীর পক্ষ থেকেও জরুরি প্রয়োজনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের দাবি জানানো হয়।

আরও পড়ুন: ‘প্রশংসা একটু কম কইরেন’: স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী

চিঠিতে আরও উল্লেখ করা হয়, কারাগারের জরুরি কার্যক্রম—যেমন বন্দী স্থানান্তর, হাসপাতালে প্রেরণ—এবং অন্যান্য দাপ্তরিক কাজে যানবাহনের সার্বক্ষণিক ব্যবহার প্রয়োজন হয়। একইভাবে আইনশৃঙ্খলা রক্ষা, সীমান্ত নিরাপত্তা ও বিশেষ অভিযান পরিচালনায় নিয়োজিত বাহিনীগুলোর যানবাহনের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা অপরিহার্য।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কারা অধিদপ্তরের সদস্যদের জন্য প্রয়োজন অনুযায়ী দ্রুত জ্বালানি সরবরাহে পাম্প মালিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

একই নির্দেশনা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকেও জারি করা হয়েছে বলে জানা গেছে।