জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল
‘বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে’—এমন বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বক্তব্যকে ‘বিভ্রান্তিকর’ ও ‘অনভিপ্রেত’ বলে উল্লেখ করে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: ফের আলোচনায় আইডিয়াল স্কুল
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির শফিকুর রহমান-এর মন্তব্য মূলত রাজনৈতিক বিভেদ তৈরি ও ধোঁয়াশা সৃষ্টি করার অপচেষ্টা।
তিনি অভিযোগ করেন, একটি বিশেষ মহল বারবার বিভ্রান্তি ছড়িয়ে গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে।
আরও পড়ুন: জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলা-ভাঙচুর
বিএনপি মহাসচিব দাবি করেন, দীর্ঘ সময় পর দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশি-বিদেশি পর্যবেক্ষক এবং আন্তর্জাতিক মহলে এই নির্বাচন স্বীকৃতি পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, ওই নির্বাচনে জনগণের রায়ে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে। এমন একটি প্রক্রিয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করা ‘সুস্থ রাজনৈতিক চর্চার পরিপন্থী’ বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, অতীত ইতিহাস বিবেচনায় দেশবাসী তাদের প্রত্যাখ্যান করেছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, কিছু গোষ্ঠী দেশকে আবারও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে।
তিনি বলেন, দীর্ঘ সময় পর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ নষ্ট করতে কোনো পক্ষ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে—সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।





