কুমিল্লায় প্রধানমন্ত্রী, ব্যাপক উচ্ছ্বাস সাধারণ মানুষ ও নেতাকর্মীদের

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ন, ১৬ মে ২০২৬ | আপডেট: ১:৫৭ অপরাহ্ন, ১৬ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চাঁদপুর সফরের উদ্দেশ্যে কুমিল্লায় প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে ঘিরে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে তাকে স্বাগত জানান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ইতোমধ্যে তিনি দাউদকান্দি উপজেলায় খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী এলাকা অতিক্রম করেছেন। পথে পথে বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাওয়ার পথে কুমিল্লার বরুরা উপজেলার লক্ষ্মীপুরে পথসভা করবেন প্রধানমন্ত্রী। কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রতিটি উপজেলায় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষণীয়।

আরও পড়ুন: ২২ বছর পর চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

জানা যায়, দাউদকান্দিতে খন্দকার মোশাররফ হোসেন, ইলিয়টগঞ্জে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নেতাকর্মী, দাউদকান্দিতে এমপি আতিকুল ইসলাম শাওন, বুড়িচং উপজেলার নিমসার বাজারে এমপি জসিম উদ্দিন ও কুমিল্লা পদুয়ার বাজারে এমপি মনিরুল হক চৌধুরীর নেতাকর্মীরা উপস্থিত হয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রীকে।

আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আসছেন জানিয়ে মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়া বলেন, ‘আমাদের মাঝে আনন্দের সীমা নেই। আমরা মাননীয় ধর্মমন্ত্রীর নির্দেশে ১০ হাজার নেতাকর্মী নিয়ে ইলিয়টগঞ্জ বাজারে তাকে স্বাগত জানাতে আসছি।’

আরও পড়ুন: তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: তথ্য প্রতিমন্ত্রী