ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত, ব্যাংক
পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে আজ সোমবার (১ জুন) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান ও দেশের পুঁজিবাজার। দীর্ঘ ছুটি শেষে স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরছে প্রশাসনিক, আর্থিক ও বাণিজ্যিক খাত।
এবার ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করেন। ছুটি শেষে আজ থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে নিয়মিত কার্যক্রম শুরু হচ্ছে।
আরও পড়ুন: কামরুল ইসলামকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার পদে নিয়োগ
ব্যাংক খাতেও আজ থেকে স্বাভাবিক লেনদেন কার্যক্রম শুরু হবে। গ্রাহকরা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন করতে পারবেন। তবে ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। একই সময়সূচিতে বিমা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও পরিচালিত হবে।
অন্যদিকে দেশের প্রধান দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ থেকে নিয়মিত লেনদেন শুরু হবে। শেয়ারবাজারে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
আরও পড়ুন: সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে সব মার্কেট ও শপিংমল
এদিকে ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ফিরতি যাত্রা জোরদার হয়েছে। শনিবার ও রোববার দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরেছেন। ফলে রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে।
সংশ্লিষ্টদের মতে, ছুটির পর প্রথম কর্মদিবসে কাজের চাপ কিছুটা কম থাকলেও সপ্তাহের বাকি দিনগুলোতে জমে থাকা দাপ্তরিক, আর্থিক ও বাণিজ্যিক কাজের কারণে ব্যস্ততা বাড়বে।





