একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬ | আপডেট: ৩:২৮ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়সংবলিত ৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি তহবিল থেকে ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয় করা হবে। মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চালু রাখতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

একনেক সূত্রে জানা গেছে, অনুমোদিত ৫টি প্রকল্পের মধ্যে ৩টি নতুন এবং ২টি সংশোধিত প্রকল্প রয়েছে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ‘সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ উল্লেখযোগ্য। এছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন পেয়েছে। এগুলো হলো—

আরও পড়ুন: দিল্লি বিমানবন্দরে আটকে রাখা হয়নি, প্রতিবাদে ফিরেছি: তথ্য উপদেষ্টা

ফেনী জেলার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়);

করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প;

পদ্মা নদীর ভাঙন থেকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ও কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষা (প্রথম সংশোধিত) প্রকল্প।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ‘১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (তৃতীয় সংশোধিত)’ প্রকল্পও অনুমোদন পেয়েছে।

অন্যদিকে, একনেক সভায় পরিকল্পনামন্ত্রীর মাধ্যমে পূর্বে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়সংবলিত আরও চারটি প্রকল্প সম্পর্কে কমিটিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়।

প্রকল্পগুলো হলো—

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প

নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, সাভার স্থাপন প্রকল্প

বাংলাদেশ বিমান বাহিনী স্টেশন শমসেরনগরে বিদ্যমান বিএএফ শাহীন কলেজের অবকাঠামো উন্নয়ন প্রকল্প

প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক ও ক্রিপিটক শিক্ষা কার্যক্রম (চতুর্থ পর্যায়) প্রকল্প।

একনেকের এ অনুমোদনের মাধ্যমে শিল্পায়ন, বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন প্রতিরোধ, কারিগরি শিক্ষা সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়নের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের পথ আরও সুগম হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।