দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন। শুক্রবার (২৪ জুলাই) দুপুর সোয়া ১২টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সংসদ সচিবালয় সূত্র জানায়, চিকিৎসার উদ্দেশ্যে গত ১৯ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গিয়েছিলেন স্পিকার। সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তার দেশে ফেরার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই তিনি দেশে ফিরে আসেন।
আরও পড়ুন: চট্টগ্রামে দুর্ঘটনায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন—এমন খবর প্রকাশের পর বিদেশ থেকে স্পিকারের আগাম দেশে ফেরাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। একই সঙ্গে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: চাঁদা না দেওয়ায় লক্ষ্মীপুরে ব্যবসায়ীদের গায়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ
তবে স্পিকারের আগাম দেশে ফেরার বিষয়ে সংসদ সচিবালয় থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।





