গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন তুলল টিআইবি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৯:০০ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বহাল থাকা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনা এবং এর আগে ওঠা বিভিন্ন অভিযোগের নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্তের দাবি জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্য বিশেষায়িত, পূর্ণাঙ্গ ও বাধ্যতামূলক নৈতিক আচরণবিধি প্রণয়নের আহ্বান জানায়।

আরও পড়ুন: সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, একজন জনপ্রতিনিধিকে ঘিরে ধারাবাহিক গুরুতর অভিযোগ ও নৈতিকতার প্রশ্ন ওঠার পরও তাঁর সংসদ সদস্য পদ বহাল থাকা নিয়ে জাতীয় সংসদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাবদিহি থাকা প্রয়োজন। তাঁর মতে, এ ধরনের পরিস্থিতি সংসদের মর্যাদা ও জনগণের আস্থার সঙ্গে সম্পর্কিত।

তিনি বলেন, কোনো ব্যক্তির ফৌজদারি দায় নির্ধারণের এখতিয়ার আদালতের। তবে একজন সংসদ সদস্যের নৈতিক আচরণ, ক্ষমতার ব্যবহার এবং জনগণের কাছে জবাবদিহির বিষয়টি সংসদের আওতাধীন। তাই গাজী নজরুল ইসলামের সংসদীয় অবস্থান নিয়ে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা জাতীয় সংসদ ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করার আহ্বান জানিয়েছে টিআইবি।

আরও পড়ুন: জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টিআইবি সংবিধানের ৬৬ অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে বলেছে, নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্তত দুই বছরের কারাদণ্ড হলে একজন ব্যক্তি সংসদ সদস্য থাকার অযোগ্য হতে পারেন। একই সঙ্গে গুরুতর নৈতিক স্খলন, স্বার্থের সংঘাত, ক্ষমতার অপব্যবহার কিংবা সংসদের মর্যাদাহানিকর আচরণের ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে আরও স্পষ্ট বিধানের প্রয়োজন বলে মনে করে সংস্থাটি।

জনপ্রতিনিধিদের জন্য কার্যকর আচরণবিধির দাবি দীর্ঘদিনের বলে জানিয়েছে টিআইবি। সংস্থাটি বলেছে, ২০২৪-পরবর্তী সংস্কার প্রস্তাব এবং ২০২৬ সালে সরকারের কাছে দেওয়া সুপারিশেও তারা বিষয়টি উল্লেখ করেছে।

এদিকে শুধু কোনো রাজনৈতিক দল থেকে বহিষ্কার হলেই সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় কি না, তা নিয়ে এর আগে আইনগত বিতর্ক দেখা দিয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল, দল থেকে বহিষ্কার হওয়া মাত্র সংসদ সদস্য পদ বাতিলের সরাসরি বিধান নেই। বিষয়টি নিয়ে স্পিকার ও নির্বাচন কমিশনের সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়ার প্রয়োজন হতে পারে।

গাজী নজরুল ইসলামকে ঘিরে চলমান মামলাগুলোর মধ্যে তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলা তদন্তাধীন রয়েছে। টিআইবি এ ঘটনার পাশাপাশি তাঁকে ঘিরে ওঠা অন্যান্য অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে।