রামিসার পরিবারকে সমবেদনা জানালেন রিজভী, বিচার নিশ্চিতের আশ্বাস
ঈদুল আজহার দিনে রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসা আক্তারের পরিবারের খোঁজ নিতে তাদের বাসায় গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বিচার নিশ্চিতের আশ্বাস দেন।
বৃহস্পতিবার (২৮ মে) পল্লবীতে রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নিহত শিশুর বাবা কান্নাজড়িত কণ্ঠে ঘটনার বর্ণনা দিলে উপস্থিত সবাই শোকাহত হয়ে পড়েন।
আরও পড়ুন: মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করছে: রিজভী
রিজভী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে রামিসার পরিবারের খোঁজ নিতে এসেছি। হত্যাকারী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যাপারে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন।”
তিনি আরও জানান, রামিসার বড় বোন রাইসার পড়ালেখার দায়িত্বও নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি।
আরও পড়ুন: বৈষম্য দূর করে সাম্যের বাংলাদেশ গড়তে চাই: মির্জা ফখরুল
গত ১৯ মে রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ৮ বছর বয়সী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় সোহেল রানা নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সদস্য মাহবুবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. ইকবালুর রহমান রোকন উপস্থিত ছিলেন।





