রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, আজ প্রার্থী চূড়ান্ত
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামী। এ নির্বাচনে একক প্রার্থী দেওয়ার বিষয়টি রোববার (৯ আগস্ট) জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠকে চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
আরও পড়ুন: জুলাই গণঅভ্যুত্থানের পূর্ণাঙ্গ ইতিহাস তুলে ধরার আহ্বান নাহিদ ইসলামের
দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার রাতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় জামায়াত। এ লক্ষ্যে রোববার ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। ওই বৈঠকেই বিরোধীদলের প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
আরও পড়ুন: গুলশানে রেস্তোরাঁয় বৈঠক, আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার ইস্যু এবং ১১ দলীয় ঐক্য ঘোষিত চলমান রাজনৈতিক কর্মসূচিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।





