জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলো গণফোরাম

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ২:১৫ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে গণফোরাম। রোববার (১৯ অক্টোবর) জাতীয় সংসদের এলডি হলে সনদে স্বাক্ষর করেন দলটির ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য) মনির হায়দার।

এর আগে, গত শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন ২৪টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি। তবে সে দিন গণফোরাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আরও চারটি বামপন্থী দল স্বাক্ষর করেনি।

আরও পড়ুন: আপিল বিভাগে সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল, মুক্তিতে আইনি বাধা নেই

গণফোরাম জানায়, জুলাই জাতীয় সনদের খসড়ায় সংবিধান থেকে স্বাধীনতার ঘোষণাপত্র বাদ দেওয়ার সুপারিশ থাকায় তারা সনদে সই করেনি। দলটির দাবি ছিল—সেই সুপারিশ প্রত্যাহার না করা পর্যন্ত তারা স্বাক্ষর করবে না।

পরে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, স্বাক্ষর অনুষ্ঠানের আগেই ঘোষণাপত্র বাদ দেওয়ার সুপারিশ প্রত্যাহার করা হয়েছে, তবে বিষয়টি গণফোরামকে আনুষ্ঠানিকভাবে অবহিত না করায় সেদিন দলটি সনদে সই করেনি।

আরও পড়ুন: ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা এনসিপির

পরবর্তীতে শুক্রবার রাতে গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, কমিশনের সঙ্গে আলোচনা শেষে তারা পরে সনদে স্বাক্ষর করবেন। তারই ধারাবাহিকতায় আজ দুপুর সাড়ে ১২টার পর জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে দলটি। এর মাধ্যমে সনদে স্বাক্ষর করা রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়ালো ২৫টি।