গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সদ্য পদত্যাগী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আবার গণঅধিকার পরিষদের রাজনীতিতে ফিরতে যাচ্ছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এক গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
রাশেদ খান জানান, আসিফ মাহমুদ অতীতে সংগঠনের ছাত্র শাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, “কোটা সংস্কার আন্দোলনসহ স্বৈরাচারী হাসিনা সরকারের সময় বিভিন্ন আন্দোলনে মাঠে ছিল আসিফ। সে সময় তাকে বহু নির্যাতনও সহ্য করতে হয়েছে।”
আরও পড়ুন: জুলাই গণঅভ্যুত্থানের পূর্ণাঙ্গ ইতিহাস তুলে ধরার আহ্বান নাহিদ ইসলামের
তিনি আরও বলেন, “আসিফের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আগে থেকেই সে আমাদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। দলে তাকে মর্যাদাপূর্ণ দায়িত্ব দেওয়ার বিষয়ে কথা হয়েছে। খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। আমরা চাই—যে কোনো মূল্যে সে দলে ফিরে আসুক।”
তার কিছুক্ষণ আগে বুধবার সন্ধ্যায় যমুনা ভবনে গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ। বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত। যদিও কোন দল থেকে তিনি প্রার্থী হবেন, তা পরে জানানো হবে বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: গুলশানে রেস্তোরাঁয় বৈঠক, আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
উপদেষ্টার পদ ছাড়ার মূল কারণ হিসেবে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতিকে উল্লেখ করেন। রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে—আসিফ মাহমুদ সজীব ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট ও হাজারীবাগ) থেকে নির্বাচন করতে পারেন। ইতোমধ্যে তিনি এই আসনের ভোটার তালিকায় নামও অন্তর্ভুক্ত করেছেন।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে তিনজন ছাত্রনেতা অন্তর্ভুক্ত হন। তাদের মধ্যে আসিফ প্রথমে শ্রম উপদেষ্টা এবং পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান।





