এলাকার সন্তান হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১:১৬ পূর্বাহ্ন, ০৯ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭–এর সন্তান হিসেবে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট চেয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর ইসিবি চত্বরের এক নির্বাচনী পথসভায় তিনি এ আহ্বান জানান।

আরও পড়ুন: গ্রেপ্তারের দাবিতে জিএম কাদেরের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ

তারেক রহমান বলেন, “আমি এই এলাকার সন্তান। শৈশবকাল থেকেই এই এলাকায় বড় হয়েছি। আমার ও আমার ভাইয়ের সন্তানদের জন্ম এখানেই, আমাদের বিয়েও এই এলাকায় হয়েছে। তাই এখানকার সন্তান হিসেবে মা-বোন ও ভাইদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইছি।”

তিনি সবাইকে ধানের শীষকে বিজয়ী করার জন্য বিনীত অনুরোধ জানান।

আরও পড়ুন: ‘আগেই ভালো ছিলাম’ ন্যারেটিভে সাধারণকে উস্কানির চেষ্টা

বিকেল সাড়ে ৩টার দিকে পথসভার মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। পরে বিকেল ৩টা ৩৭ মিনিটে বক্তব্য শুরু করেন।

তারেক রহমান বলেন, এটি একটি নির্বাচনী পথসভা এবং জনসাধারণের চলাচলের রাস্তা হওয়ায় তিনি বক্তব্য সংক্ষিপ্ত রাখবেন।

ঢাকাকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে তিনি বলেন, “যাতে মা-বোনেরা যেকোনো সময় নিরাপদে চলাচল করতে পারেন এবং ব্যবসা-বাণিজ্য নির্বিঘ্নে পরিচালনা করতে পারেন।”

তিনি আরও বলেন, বিএনপি আগামী ১২ তারিখে সরকার গঠন করতে পারলে ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে। পাশাপাশি ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত সড়ক প্রশস্ত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

শেষে আবারও ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “১২ তারিখে ধানের শীষের পক্ষে ভোট চাই।”