কেউ কেন্দ্র দখল করলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না: আসিফ মাহমুদ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৫৬ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “কেউ কেন্দ্র দখল করলে বা ভোট চুরি করলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না। আমরা সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব। শেষ পর্যন্ত মাঠে থাকব, কোনোভাবেই নির্বাচন কেন্দ্র ছেড়ে দেব না। যেকোন পরিস্থিতিতে যেকোনো সিদ্ধান্ত আমরা ১১ দলীয় জোটের মাধ্যমে জানাব।”

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি

আসিফ মাহমুদ আরও বলেন, “সারাদেশে ভুয়া খবরের ছড়াছড়ি দেখা যাচ্ছে। যাদের নিরপেক্ষ ভূমিকা থাকার কথা, তাদেরও পক্ষপাত লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন কেন্দ্রে আমাদের প্রার্থীদের পোলিং এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে। আমরা আশা করি, যারা নির্বাচনী দায়িত্বে আছেন, তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।”

তিনি অভিযোগ করেন, “আজ সারাদেশে টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। ২০ হাজার টাকা উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাকে হেনস্তা করা হয়েছে। বাড়িতে গিয়ে টাকা ও ল্যাপটপ উদ্ধারের নাটক মঞ্চায়ন করা হচ্ছে। ১১ দলীয় জোট এবং প্রার্থীদের ফ্রেমিং করার চেষ্টা করা হচ্ছে। ভোটারদের সঙ্গে অর্থ লেনদেনের ঘটনায় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

আরও পড়ুন: গুম দিবসে সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা ১১ দলীয় ঐক্যের

যৌথ বাহিনী এবং সেনাবাহিনীর প্রশংসা করে আসিফ মাহমুদ বলেন, “তারা বিভিন্ন জায়গা থেকে মজুত থাকা অস্ত্র উদ্ধার করেছেন, যা ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করেছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আশা করি রাতের মধ্যে সব অস্ত্র উদ্ধার হবে, যাতে সবাই নিরাপদে ভোট দিতে পারে।”

মিডিয়ার ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের মিডিয়া আবারও ৫ আগস্টের আগের পক্ষপাতদুষ্ট অবস্থানে ফিরে যাচ্ছে। নির্দিষ্ট দলকে মিস ইনফরমেশন ও ফ্রেমিংয়ে সহযোগিতা করছে। ৫ আগস্টের পূর্ববর্তী পরিস্থিতিতে আমরা কিছু ছাড় দিয়েছি। এবারের নির্বাচনের পর আর ছাড় দেওয়া হবে না। যারা পক্ষপাত দেখাচ্ছেন, তাদের প্রতি সতর্কতা জারি করছি। আমরা নোট রাখছি কারা এসব কাজ করছেন।”