ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, একদল যুবক তার ওপর ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করে এবং হকিস্টিক দিয়ে হামলা চালায়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।
আরও পড়ুন: শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত: রিজভী
ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হামলার বর্ণনা দেন। তিনি অভিযোগ করেন, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হওয়ার পর পুলিশের উপস্থিতিতেই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে তিনজনের মাথা ফেটে যায় এবং আরও কয়েকজন আহত হন। তাকেও লক্ষ্য করে কিল-ঘুষি মারা হয়েছে বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন: গ্যাসের দাম এক টাকাও বাড়ানো হলে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও অভিযোগ করেন, হামলার সময় তাদের কয়েকজনের মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা বলতে এগিয়ে যান। এ সময় পেছন থেকে কয়েকজন যুবক ডিম নিক্ষেপ ও হামলা শুরু করে। এতে এনসিপির স্থানীয় কয়েকজন নেতাকর্মী আহত হন।
ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা এলাকায় বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ থেকে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়। পাশাপাশি স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর পদত্যাগও দাবি করেন বিক্ষোভকারীরা।





