যুবদল কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান

Sanchoy Biswas
গোলাম মোস্তাফা মন্টি
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ন, ০৫ জুন ২০২৬ | আপডেট: ৫:১৬ অপরাহ্ন, ০৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কৃতি সন্তান ও ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব সাইদুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকায় আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি নিবেদিত ভূমিকার স্বীকৃতি হিসেবে তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেছেন বলে স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন।

সাইদুর রহমান ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হয়ে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। তিনি বিভিন্ন সময়ে দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে নেতাকর্মীদের আস্থা অর্জন করেন। দলের দুঃসময়ে মাঠপর্যায়ে থেকে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার ক্ষেত্রে তাঁর অবদান বিশেষভাবে প্রশংসিত।

আরও পড়ুন: অভিজ্ঞ নেতৃত্বে আস্থা রেখে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

তাঁর কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হওয়ার খবরে ভৈরবসহ কিশোরগঞ্জ জেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

স্থানীয় নেতারা বলেন, সাইদুর রহমানের এ অর্জন শুধু ভৈরব বা কিশোরগঞ্জের জন্য নয়, বরং সমগ্র জাতীয়তাবাদী পরিবারের জন্য গৌরবের বিষয়। তাঁর নেতৃত্বে যুবদল আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

এদিকে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সাইদুর রহমান দলীয় চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, দল যে আস্থা ও দায়িত্ব তাঁর ওপর অর্পণ করেছে, তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন।

তাঁর এই সাফল্যে ভৈরব উপজেলার সর্বস্তরের মানুষ গর্বিত এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা।