ওমানে গাড়ির ভেতর চার ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, দেশে শোকের ছায়া

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ন, ১৪ মে ২০২৬ | আপডেট: ১২:৩৫ অপরাহ্ন, ১৪ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ওমানে কর্মরত চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একই পরিবারের চার ভাইয়ের লাশ গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির এয়ার কন্ডিশনার থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হতে পারে।

ওমানে বাংলাদেশ দূতাবাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহতরা হলেন—চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা চারজনই আবদুল মজিদের সন্তান এবং দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: ইতালিতে ছোট ভাইকে হত্যা করে ভিডিও কলে পরিবারকে দেখাল বড় ভাই

পারিবারিক সূত্রে জানা যায়, পাঁচ ভাইয়ের মধ্যে চারজনই ওমানে থাকতেন। তাদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন। আগামী ১৫ মে তারা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। দেশে ফেরার উদ্দেশ্যে তারা কেনাকাটার জন্য বের হয়েছিলেন। ফেরার পথেই ঘটে যায় এই হৃদয়বিদারক ঘটনা।

ওমান পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘ সময় গাড়ি বন্ধ অবস্থায় এসি চালু থাকার কারণে বিষাক্ত গ্যাস জমে গিয়ে এই মৃত্যু হতে পারে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা নিশ্চিত হতে ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

এ ঘটনায় পুরো এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোক। চট্টগ্রামের রাঙ্গিনিয়া উপজেলা-এর বন্দারাজারপাড়ায় একই পরিবারের চার ভাইয়ের একসঙ্গে মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

ওমানে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বিষয়টি তারা গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া চলছে।