আলজেরিয়ার কারাভোগ শেষে দেশে ফিরলেন চার বাংলাদেশি
আলজেরিয়ায় বৈধ ওয়ার্ক পারমিট না থাকায় আটক হওয়ার পর কারাভোগ শেষে চার বাংলাদেশি দেশে ফিরেছেন। আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তারা নিরাপদে দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে আলজেরিয়া থেকে বাংলাদেশে ফেরেন ওই চার নাগরিক।
আরও পড়ুন: রোমে বাংলাদেশি পরিবার হত্যাকাণ্ড: মূল সন্দেহভাজনের পরিচয় প্রকাশ
দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি আলজেরিয়ার পুলিশ বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট ছাড়া অবস্থানের অভিযোগে মোট ১৪ জন বাংলাদেশিকে আটক করে। তাদের অধিকাংশই মানবপাচারকারীদের মাধ্যমে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেছিলেন।
ঘটনার পরপরই আলজেরিয়ায় বাংলাদেশ দূতাবাস দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করে। পাশাপাশি আটক বাংলাদেশিদের আইনি সহায়তা নিশ্চিত করতে একজন আইনজীবী নিয়োগ করা হয় এবং পুরো বিষয়টি নিয়মিত তদারকি করা হয়।
আরও পড়ুন: প্রবাসীদের নিরাপত্তা ও কূটনৈতিক তৎপরতা নিয়ে নতুন প্রশ্ন
পরবর্তীতে ২০২৬ সালের ৩০ জুন আদালত চার বাংলাদেশিকে কারাগার থেকে মুক্তির রায় দেন। এরপর প্রয়োজনীয় প্রশাসনিক ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করে ৩০ জুলাই তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
আলজেরিয়ায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বর্তমানে আটক থাকা বাকি ১০ বাংলাদেশির দ্রুত মুক্তি ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে। একই সঙ্গে তাদের পরিবারের সদস্যদেরও আটক ব্যক্তিদের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত করা হচ্ছে।





