ফেনী সীমান্তে ৭ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

Sadek Ali
সুরঞ্জিত নাগ, ফেনী
প্রকাশিত: ৮:৩০ পূর্বাহ্ন, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ৯:৩৮ পূর্বাহ্ন, ২৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৭জনকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।

শনিবার ভোরে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর শ্রীপুর বিওপির দায়িত্বাধীন ২১৪৫ নম্বর সীমান্ত পিলারের কাছে দুর্গাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: নরসিংদীতে পুলিশের জালে একাধিক শীর্ষ সন্ত্রাসী ও সহযোগী আটক

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্র জানায়, ভারতের ৪৩ রাজনগর বিএসএফ ক্যাম্পের একটি টহল দল সাতজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি বিজিবির টহল দলের নজরে এলে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৌশলগত অবস্থান নেন এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন।

বিজিবি জানিয়েছে, প্রাথমিক যাচাইয়ে ওই সাতজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা সবাই ভারতীয় নাগরিক। তাদের মধ্যে ছয়জন নারী ও একজন ছেলেশিশু রয়েছে।

আরও পড়ুন: জনগণের ভোটে নির্বাচিত সরকার গ্রামের মানুষের উন্নয়নে কাজ করছে: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।