২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধনের তারিখ ঘোষণা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ন, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ৪:০৫ অপরাহ্ন, ২৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২৭ সালের হজের জন্য প্রাথমিক নিবন্ধন কার্যক্রম আগামী ২৭ জুলাই শুরু হচ্ছে। এই নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যেই হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার (২৬ জুলাই) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপের আলোকে এই সময়সূচি প্রকাশ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারি বা বেসরকারি—উভয় মাধ্যমেই সাড়ে ৩ লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। তবে এর আগে প্রত্যেক হজযাত্রীকে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রাথমিক নিবন্ধন শেষে ১০ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: পবিত্র আশুরা আজ

যেভাবে করা যাবে নিবন্ধন

সরকারি মাধ্যমে ই-হজ সিস্টেম (hajj.gov.bd)-এ অ্যাকাউন্ট তৈরি করে আবেদনকারীরা নিজেই নিবন্ধন করতে পারবেন। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররম অফিস এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধন করা যাবে।

আরও পড়ুন: হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজি

সরকারি মাধ্যমে নিবন্ধনের ক্ষেত্রে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে টাকা জমা দিতে হবে। অন্যদিকে, বেসরকারি মাধ্যমে নিবন্ধনকারীদের সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবের তথ্য হজ পোর্টালে পাওয়া যাবে।

যারা হজে যেতে পারবেন না

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না। এ ছাড়া হৃদরোগ, ফুসফুস, লিভার বা কিডনির জটিল রোগ, স্নায়বিক বা মানসিক রোগ, ডিমেনশিয়া, কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি গ্রহণরত ক্যান্সার রোগী, যক্ষ্মা বা হেমোরেজিক ফিভারের মতো সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবেন না। এছাড়া গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা বা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীদের হজযাত্রার জন্য প্রয়োজনীয় ফিটনেস সনদ দেওয়া হবে না।

নিবন্ধনের সময় যা নির্বাচন করতে হবে

প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং হজ প্যাকেজ নির্বাচন বাধ্যতামূলক। এ ছাড়া আবেদনকারীর ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত মেয়াদসম্পন্ন বৈধ পাসপোর্ট থাকতে হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।