ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা সরকারি ছুটি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে অঙ্গরাজ্যের সরকারি ছুটি হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মাধ্যমে ওয়াশিংটনের পর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে দুই ইসলামি উৎসবকে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করল ক্যালিফোর্নিয়া। রোববার আইনে পরিণত হওয়া ‘অ্যাসেম্বলি বিল ২০১৭’ (এবি ২০১৭)-এর মাধ্যমে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় যুক্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, শহর ও স্কুল ডিস্ট্রিক্টে স্থানীয় পর্যায়ে আগে থেকেই ঈদকে স্বীকৃতি দেওয়ার নজির রয়েছে। তবে অঙ্গরাজ্যজুড়ে সরকারি ছুটি হিসেবে দুই ঈদের আনুষ্ঠানিক স্বীকৃতি ছিল না। ২০২৫ সালে ওয়াশিংটন অঙ্গরাজ্য প্রথমবারের মতো ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দেয়।
আরও পড়ুন: আজকের নামাজের সময়সূচি
পবিত্র রমজান মাসের এক মাস রোজা রাখার পর উদযাপিত হয় ঈদুল ফিতর। অন্যদিকে, হজরত ইবরাহিম (আ.)-এর আল্লাহর আনুগত্য ও ত্যাগের স্মরণে পালিত হয় ঈদুল আজহা। ঈদুল আজহার সময়ের সঙ্গে প্রতিবছরের হজের সময়ও মিলে যায়। মক্কায় হজের আনুষ্ঠানিকতার সঙ্গে এ উৎসবের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
ক্যালিফোর্নিয়ার কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর-সিএ) গভর্নর গ্যাভিন নিউসমের এবি ২০১৭-এ স্বাক্ষর করাকে স্বাগত জানিয়েছে।
আরও পড়ুন: রাষ্ট্র কওমি সনদের স্বীকৃতি দিয়েছে, কিন্তু সমমর্যাদা দেয়নি
সংগঠনটির দাবি, ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী ১০ লাখের বেশি মুসলমানের দীর্ঘদিনের একটি সমস্যার সমাধানে আইনটি ভূমিকা রাখবে। তাদের ভাষ্য, ঈদ পালনের ক্ষেত্রে অনেক মুসলিম শিক্ষার্থী ও কর্মীকে ধর্মীয় আয়োজন এবং স্কুল বা কর্মস্থলে উপস্থিত থাকার মধ্যে একটিকে বেছে নিতে হতো।
সিএআইআর-সিএ তাদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলেছে, নতুন আইনটি মুসলিম শিক্ষার্থী ও কর্মীদের ধর্মীয় বিশ্বাসের গুরুত্বপূর্ণ আয়োজনে অংশ নেওয়া এবং শিক্ষা বা পেশাগত দায়িত্ব পালনের মধ্যে তৈরি হওয়া বাধা কমাবে।
সংগঠনটির মতে, এবি ২০১৭ অন্তর্ভুক্তি, সমতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সম্মানের সঙ্গে ক্যালিফোর্নিয়ার নীতিকে আরও সামঞ্জস্যপূর্ণ করেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের মুসলিম সংগঠন সিএআইআর দাবি করেছে, দেশটিতে ইসলামবিদ্বেষের ঘটনা বাড়ছে। সংগঠনটির হিসাবে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত মসজিদ ও ইসলামিক সেন্টারকে লক্ষ্য করে নথিভুক্ত ঘটনার সংখ্যা ১৮৩ শতাংশ বেড়েছে।
সিএআইআর বলেছে, তাদের দৃষ্টিতে ঈদের সরকারি স্বীকৃতি ক্যালিফোর্নিয়ার মুসলিম সম্প্রদায়ের প্রতি মূল্যায়ন ও অন্তর্ভুক্তির একটি বার্তা বহন করে।





