রোহিঙ্গা প্রত্যাবর্তনে প্রধানমন্ত্রীর কূটনৈতিক তৎপরতা

Any Akter
শামসুজ্জামান শামস
প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৩১ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

# বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে

# শরণার্থী শিবিরগুলোতে প্রতি বছর প্রায় ২৫ হাজার শিশু জন্ম নিচ্ছে

আরও পড়ুন: নীরব ঘাতক বজ্রপাতে থামছে না মৃত্যুর মিছিল

# কপ-৩১ সম্মেলনে রোহিঙ্গ প্রত্যাবাসনে কূটনৈতিক সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী

# রোহিঙ্গারা দেশের অর্থনীতির জন্য এক বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে

আরও পড়ুন: মরা মুরগির জমজমাট ব্যবসা, জনমনে বাড়ছে উদ্বেগ

রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে অনুপ্রবেশের প্রায় ৫ দশক পূর্ণ হতে চলেছে। ১৯৭৮ সালে তারা প্রথম বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদি— রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক ও মানবিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। সর্বশেষ ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের পর বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর প্রায় এক দশক পার হলেও তাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে কার্যকর অগ্রগতি হয়নি, বরং সময়ের সঙ্গে সংকটটি বাংলাদেশের জন্য আরও জটিল হয়েছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক ৩১তম সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে বিশ্বনেতাদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায় ও বিভিন্ন দেশের কাছে জোরালো কূটনৈতিক সহায়তা চেয়েছেন। সফরকালে তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ও জোরালো কূটনৈতিক ভূমিকা প্রত্যাশা করেন। তুরস্কে অবস্থানকালে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার পাশাপাশি রোহিঙ্গা ইস্যু ছিল প্রধানমন্ত্রীর কূটনৈতিক আলোচনার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। সম্মেলনের ফাঁকে তিনি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং তুরস্কের শীর্ষ নেতাদের সাথে পৃথক বৈঠকে মিলিত হয়ে এ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বাংলাদেশে আশ্রয় নেওয়া বা বসবাসকারী রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। এর আগে শরণার্থী শিবিরে সরকারি হিসাব অনুযায়ী ১২ লাখের বেশি রোহিঙ্গার কথা বলা হলেও নতুন হিসাবে তা ১৫ লাখে পৌঁছেছে। ইউএনএইচসিআরের হিসাব অনুযায়ী নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে এই সংখ্যা ১১ লাখ থেকে ১৩ লাখের বেশি এবং নতুন আগমনসহ সর্বমোট সংখ্যা প্রায় ১৫ লাখের কাছাকাছি পৌঁছেছে। শরণার্থী শিবিরগুলোতে প্রতি বছর প্রায় ২৫ হাজার নতুন শিশু জন্ম নিচ্ছে, যা মোট সংখ্যাকে প্রতিনিয়ত বাড়িয়ে তুলেেছ। বিপুল এই জনগোষ্ঠীর খাদ্য, স্বাস্থ্য, নিরাপত্তা ও অবকাঠামোগত ব্যবস্থাপনায় সরকারকে প্রতি বছর শত শত কোটি টাকা ব্যয় করতে হচ্ছে। সরকারি নীতিনির্ধারকদের মতে, দীর্ঘদিন ধরে এই জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়া দেশের অর্থনীতির জন্য এক বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ সরকারের নীতিনির্ধারক এবং গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-সহ বিভিন্ন অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, রোহিঙ্গাদের পেছনে নিরাপত্তা, অবকাঠামো ও আনুষঙ্গিক ব্যবস্থাপনায় প্রতি বছর আনুমানিক ক্ষতি ১০০ কোটি থেকে ১২২ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২,০০০ থেকে ১৪,৫০০ কোটি টাকার বেশি)।

গত বৃহস্পতিবার কপ-৩১ সম্মেলনের পার্শ্ববৈঠকে সকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সাথে দ্বিপক্ষীয় বৈঠকেও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে তারেক রহমান স্পষ্টভাবে বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এবং এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত। তিনি রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নিতে অস্ট্রেলিয়ার কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানান। একই দিনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ। গত প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ফলে দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও পরিবেশের ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। এই দীর্ঘস্থায়ী উপস্থিতি স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার সুযোগ সংকুচিত করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করতে পারে বলে তিনি সতর্ক করেন। সংকট নিরসনে যুক্তরাজ্যের আরও সক্রিয় কূটনৈতিক তৎপরতা কামনা করেন প্রধানমন্ত্রী। 

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় আন্তালিয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সাথে বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বিশেষ করে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গাদের পক্ষে তুরস্কের দৃঢ় সংহতি ও মানবিক সহায়তার প্রশংসা করে তিনি জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মতো আন্তর্জাতিক ফোরামগুলোতে আঙ্কারার সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার অনুরোধ জানান। কপ-৩১ সম্মেলনের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মে জলবায়ু অর্থায়ন ও দ্বিপক্ষীয় বিনিয়োগের আলোচনার পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টিকে সামনে নিয়ে আসাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই মানবিক সংকটের সমাধানে বিশ্বনেতাদের সরাসরি দৃষ্টি আকর্ষণের মাধ্যমে আন্তর্জাতিক চাপ বাড়ানোর কৌশল নিয়েছে বাংলাদেশ।

কপ-৩১ সম্মেলনে যোগ দেয়ার আগে গত ৪ নভেম্বর সকালে বাংলাদেশ সচিবালয়ে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গার দীর্ঘস্থায়ী উপস্থিতি দেশের অর্থনীতি, সমাজ, জনমিতি ও পরিবেশের ওপর বড় চাপ তৈরি করছে। তিনি এই সংকট সমাধানে চীনের সহযোগিতা কামনা করেন। জবাবে লিউ হাইশিং বলেন, তিনি প্রধানমন্ত্রীর উদ্বেগের বিষয়গুলো চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে অবহিত করবেন। এই বৈঠকের মধ্য দিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের ভূমিকার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। প্রশ্ন হলো, চীন কি বর্তমানে ইচ্ছা করলেই রোহিঙ্গা সংকটের সম্পূর্ণ সমাধান করতে সক্ষম? বাস্তবতা হলো, এই সংকট সমাধানে চীনের যথেষ্ট কূটনৈতিক প্রভাব রয়েছে। মিয়ানমারের সঙ্গে চীনের দীর্ঘদিনের রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। দেশটির অবকাঠামো, জ্বালানি, বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থায় চীনের উল্লেখযোগ্য স্বার্থ রয়েছে। ফলে মিয়ানমারের সামরিক ও রাজনৈতিক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ক্ষেত্রে বেইজিংয়ের বিশেষ অবস্থান রয়েছে। এই সম্পর্ক কাজে লাগিয়ে মিয়ানমারের ওপর কার্যকর কূটনৈতিক চাপ তৈরি করা গেলে প্রত্যাবর্তনের বিষয়ে অগ্রগতির সুযোগ তৈরি হতে পারে। সংশ্লিষ্ট কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রধানমন্ত্রীর এই ধারাবাহিক ও জোরালো তৎপরতা আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর নতুন করে চাপ সৃষ্টি করবে। তবে মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে টেকসই ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আঞ্চলিক শক্তিগুলোর আরও কার্যকর ও সক্রিয় ভূমিকা এখন সময়ের দাবি।