ক্রাইস্টচার্চ হামলার স্মৃতি: ‘১০ মিনিট আগে পৌঁছালে হয়তো কেউই বাঁচতাম না’: তামিম
২০১৯ সালের ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদ ও লিনউড ইসলামিক সেন্টারে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৫১ জন নিহত এবং বহু মানুষ আহত হন। সে সময় নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ ক্রিকেট দল অল্পের জন্য এই হামলা থেকে প্রাণে রক্ষা পায়।
জুমার নামাজ আদায় করতে যাওয়ার সময় বাংলাদেশ দলের ক্রিকেটাররা ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। পরে দলের বাসচালকের সামান্য দেরির কারণে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামসহ দলের অন্য সদস্যরা।
আরও পড়ুন: চরম চাপে বাংলাদেশ, বজ্রসহ বৃষ্টিতে খেলা বন্ধ
সম্প্রতি সামীরস্ক্যান পডকাস্টে সেই ভয়াবহ দিনের স্মৃতিচারণ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
তামিম বলেন, “হোটেলে ফিরে সবাই রিয়াদ ভাইয়ের (মাহমুদউল্লাহ) রুমে ঢুকেছিলাম। সেখানে বসে আমরা ভিডিও দেখছিলাম। সবাই কান্নাকাটি করছিলাম। তিন-চার জন করে একেকটা রুমে ছিলাম। সেই ঘটনার পর প্রায় ৪০ দিন আমি ট্রমার মধ্যে ছিলাম। সেখান থেকে বের হতে আমাদের অনেক সময় লেগেছে।”
আরও পড়ুন: বিশ্বকাপ থেকে ইরানকে বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই
ঘটনার ভয়াবহতা তুলে ধরে তিনি আরও বলেন, “আমরা সবাই পাঞ্জাবি ও টুপি পরে ছিলাম। সে (আততায়ী) তো মুসলিমদেরই খুঁজছিল। আগের দুই জুমায় সে নাকি এসে সময় দেখে গিয়েছিল। সেদিন যদি সে ১০ মিনিট পরে আসত, তাহলে হয়তো রক্তের বন্যা বয়ে যেত।”
মসজিদের কাছাকাছি গিয়ে যে দৃশ্য দেখেছিলেন, সেটিও বর্ণনা করেন তামিম। তিনি বলেন, “কাছাকাছি গিয়ে দেখি দুই জন পড়ে আছে। একটু পর দেখি আরও চার-পাঁচ জন পড়ে আছে। একজন মহিলা আমাদের গাড়ি থামিয়ে কান্নাকাটি করছিলেন। চারপাশে লাশ পড়ে থাকতে দেখেছি। তখন আমরা কিছুই বুঝতে পারছিলাম না। পরে মানুষের কাছ থেকে শুনলাম হামলা হয়েছে এবং হামলাকারীরা এখনো ভেতরে রয়েছে।”
তামিম জানান, কিছুক্ষণের মধ্যেই হলিউড সিনেমার দৃশ্যের মতো করে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়।
তিনি আরও বলেন, দলের বাসচালকের সামান্য দেরির কারণেই সেদিন তারা প্রাণে বেঁচে যান। “আমরা বাসে বসে ছিলাম। নিউজিল্যান্ডের বাস ড্রাইভার সিগারেট খাচ্ছিল। আমাদের দেশে হলে হয়তো ফেলে দিয়ে চলে যেত। কিন্তু সে পুরো সিগারেটটা শেষ করল। এতে কয়েক মিনিট দেরি হয়ে যায়। সেই দেরির কারণেই আমরা বেঁচে গেছি। আমরা সময়মতো পৌঁছে গেলে হয়তো কেউই বাঁচতাম না। প্রথম গুলিটা হয়তো আমিই খেতাম,” বলেন তামিম।
Meta Title
ক্রাইস্টচার্চ হামলার স্মৃতি: ‘১০ মিনিট আগে পৌঁছালে বাঁচতাম না’—তামিম ইকবাল
Meta Description
ক্রাইস্টচার্চ মসজিদ হামলার ভয়াবহ স্মৃতি তুলে ধরলেন তামিম ইকবাল। নিউজিল্যান্ডে দলের বাসচালকের সামান্য দেরির কারণেই সেদিন প্রাণে বেঁচে যান বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা।
Meta Keywords
ক্রাইস্টচার্চ হামলা, তামিম ইকবাল, নিউজিল্যান্ড মসজিদ হামলা ২০১৯, বাংলাদেশ ক্রিকেট দল, Tamim Iqbal Christchurch attack, Bangladesh team news, cricket news Bangladesh





