ঐতিহাসিক জয়
হংকংকে হারিয়ে প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশ নারী হকি দল
ড্র করলেই এশিয়ান গেমসের মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত হতো বাংলাদেশের মেয়েদের। তবে সমীকরণকে জয় দিয়ে আরও গৌরবান্বিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। হংকং চায়নার বিপক্ষে ২-১ গোলের দারুণ জয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পাশাপাশি প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী হকি দল।
চলমান এশিয়ান গেমস বাছাইপর্বই ছিল বাংলাদেশের নারী হকি দলের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা। আর অভিষেক মিশনেই অসাধারণ সাফল্য দেখিয়ে ইতিহাস গড়লো তারা। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ২০তম আসর, যেখানে এবার প্রথমবারের মতো পুরুষ দলের পাশাপাশি অংশ নেবে বাংলাদেশ নারী হকি দলও।
আরও পড়ুন: মাঠে ফিরছে সাকিব–মাশরাফির প্ল্যাকার্ড: নিষেধাজ্ঞা থেকে সরে এলো বিসিবি
রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। খেলার প্রথম মিনিটেই গোল করে এগিয়ে যায় হংকং। তবে দ্রুত ঘুরে দাঁড়ায় বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ১০ম মিনিটে মিডফিল্ডার নাদিরা এমার চমৎকার ফিল্ড গোলে সমতা ফেরে।
দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলা চালিয়ে যায় বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ৩৯তম মিনিটে ফিল্ড গোল করে দলকে এগিয়ে দেন কনা আক্তার। এরপর আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
আরও পড়ুন: বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ: টিকিটের দাম ঘোষণা
এই জয়ের মাধ্যমে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসের নতুন অধ্যায় রচনা করলো বাংলাদেশের নারী হকি দল।





