ইনফান্তিনোর পদত্যাগ দাবি উয়েফা-এএফসি-কনকাকাফের, ফুটবলে নতুন সংকট

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ন, ১১ অগাস্ট ২০২৬ | আপডেট: ৫:৫৭ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফিফার বিতর্কিত ‘ফুটবল ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পকে ঘিরে বিশ্ব ফুটবলে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানিয়েছে ফুটবলের তিন শীর্ষ মহাদেশীয় পরিচালনা সংস্থা—উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও কনকাকাফ।

তিন সংস্থা যৌথভাবে প্রকাশিত এক খোলা চিঠিতে ইনফান্তিনোর অবিলম্বে পদত্যাগ দাবি করে নতুন নেতৃত্বের আহ্বান জানিয়েছে। তাদের অভিযোগ, একতরফাভাবে ফুটবলের বৈশ্বিক ঐতিহ্য ও ফিফা বিশ্বকাপের অংশীদারত্ব বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে, যা ফুটবল অঙ্গনে আস্থার সংকট তৈরি করেছে।

আরও পড়ুন: নিজেকে সর্বকালের সেরা ফুটবলার দাবি রোনালদোর

চিঠিতে এমন নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে, যারা ফুটবলকে নিয়ন্ত্রণ বা শাসনের পরিবর্তে সেবা করবে। ঐতিহাসিক এই চিঠিতে যৌথভাবে স্বাক্ষর করেছেন উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন, এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা এবং কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তালিয়ানি।

ইনফান্তিনোর পদত্যাগের দাবির পাশাপাশি ফিফার প্রতিযোগিতার বিকল্প হিসেবে নতুন ও প্রতিদ্বন্দ্বী টুর্নামেন্ট আয়োজনের বিষয়েও প্রাথমিক আলোচনা শুরু করেছে তিন কনফেডারেশন।

আরও পড়ুন: ভিনিসিয়ুসের লাল কার্ডের নাটকীয়তা ছাপিয়ে রিয়ালের জয়

ফলে বিশ্ব ফুটবলের পরিচালনা কাঠামোতে বড় ধরনের বিভাজনের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে উয়েফার পক্ষ থেকে ধারাবাহিকভাবে টুর্নামেন্ট বয়কটের হুমকি আসায় আগামী মাসে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ইউরোপীয় দলগুলো অংশ না নিলে গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টটি বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফিফার নেতৃত্ব, বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারত্ব এবং আন্তর্জাতিক ফুটবলের ভবিষ্যৎ কাঠামো নিয়ে তিন মহাদেশীয় সংস্থার এমন প্রকাশ্য অবস্থান বিশ্ব ফুটবলে নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি করেছে।