আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৭:৩১ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার ঘটনায় তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেছে কারণ অনুসন্ধান তদন্ত কমিটি। কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করার সিদ্ধান্তে তৎকালীন ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার ভূমিকা ছিল এবং সেই সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্মতি জানিয়েছিল।

চলতি বছরের ফেব্রুয়ারিতে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ। পরবর্তী সময়ে বাংলাদেশকে ছাড়াই অনুষ্ঠিত হয় বিশ্বকাপ। দেশের ভেতরে এ সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এরপর বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তের উদ্যোগ নেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

আরও পড়ুন: চট্টগ্রামের বদলে বিসিবির ভরসা এখন সিলেট

এর ধারাবাহিকতায় মার্চে তিন সদস্যের একটি কারণ অনুসন্ধান কমিটি গঠন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) কে এম অলিউল্ল্যাকে আহ্বায়ক করে কমিটিতে রাখা হয় জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীরকে।

দীর্ঘ কয়েক মাস অনুসন্ধান ও সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়ার পর মঙ্গলবার ২২ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করে কমিটি।

আরও পড়ুন: প্রতিপক্ষের জালে ঠিকই ৭ গোল করে বসবে তারা: মরিনহো

জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির সদস্য ব্যারিস্টার ফয়সাল দস্তগীর বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলা, সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনসহ বিভিন্ন তথ্য পর্যালোচনা করে বিশ্বকাপে বাংলাদেশ না যাওয়ার জন্য তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করা হয়েছে।

তিনি বলেন, ওই সময়ের সরকার এবং তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা এ সিদ্ধান্তের জন্য দায়ী। একই সঙ্গে বাংলাদেশের বিশ্বকাপে অংশ নেওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

ক্রিকেটার ও সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া হয়

তদন্তের অংশ হিসেবে ক্রিকেটার, বিসিবির কর্মকর্তা, সাবেক কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীদের বক্তব্য নেওয়া হয়েছে। প্রতিবেদনে তাদের দেওয়া বক্তব্যও সংযুক্ত করা হয়েছে।

ক্রিকেটারদের মধ্যে সাক্ষাৎকার নেওয়া হয়েছে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস এবং টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। এ ছাড়া বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল, বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হকসহ ওই সময়ে বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজনের বক্তব্য নেওয়া হয়েছে।

তদন্ত কমিটি বিশ্বকাপ সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে গণমাধ্যমের কয়েকজন প্রতিনিধির সঙ্গেও কথা বলেছে।

আসিফ নজরুল ও আমিনুল ইসলাম বুলবুলের বক্তব্য পাওয়া যায়নি

তবে যাদের ভূমিকা নিয়ে তদন্ত প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে, তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে কমিটি।

সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং ওই সময়ের বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে যোগাযোগ করে বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাদের বক্তব্য পাওয়া যায়নি।

তদন্ত কমিটির প্রতিবেদনে বিভিন্ন পক্ষের বক্তব্য, সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য এবং অনুসন্ধানে পাওয়া অন্যান্য বিষয় পর্যালোচনা করে বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্তের নেপথ্যের কারণ তুলে ধরা হয়েছে।