নাটকের শুটিংয়ে দুর্ঘটনার শিকার প্রিয়ন্তী উর্বী

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২:০৫ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২:২০ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাটকের শুটিং করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মুখে পড়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে অভিনয়ের একটি দৃশ্য ধারণের সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান চিত্রগ্রাহক। এতে নাকে আঘাত পান অভিনেত্রী। পরে তকে হাসপাতালে নিয়ে এক্স-রে করানো হয় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সঙ্গে ঘটে যাওয়া এই দুর্ঘটনার কথা তুলে ধরেছেন প্রিয়ন্তী। ঘটনাটিকে ভয়াবহ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে তিনি জানিয়েছেন, দুর্ঘটনার মুহূর্তে তীব্র ব্যথার কারণে কিছুক্ষণ কিছু দেখতে কিংবা কথা বলতে পারছিলেন না।

আরও পড়ুন: বাগেরহাট থিয়েটারের ৪৯ বছরে পদার্পণ

দুর্ঘটনার বর্ণনা দিয়ে অভিনেত্রী জানান, নাটকের একটি দৃশ্যে তাকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে হচ্ছিল। অন্যরা বেডটি ঠেলে তাকে একটি কক্ষে নিয়ে যাচ্ছিলেন। দৃশ্যটির ক্লোজ শট ধারণের জন্য চিত্রগ্রাহক বেডের ওপর উঠে তার মুখের সামনে ক্যামেরা স্থাপন করছিলেন। এ সময় বেডটি ঝাঁকি খেলে ভারসাম্য হারিয়ে ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান চিত্রগ্রাহক। মহাখালী ক্যান্সার ইনস্টিটিউটে শুটিং চলাকালে এ ঘটনা ঘটে।

প্রিয়ন্তী আরও জানান, দুর্ঘটনার পর তাকে হাসপাতালে নেওয়া হয় এবং এক্স-রে করানো হয়। বর্তমানে ব্যথানাশক ওষুধ ও অ্যান্টিবায়োটিক সেবন করছেন তিনি। আঘাতের কারণে তাঁর নাক ফুলে গেছে। তবে এক্স-রে করার পর নাক ভাঙেনি বলে জানতে পারেন। বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী।

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে তানজিন তিশা, অল্পের জন্য রক্ষা

এ ঘটনায় শুটিংয়ের সঙ্গে যুক্ত কাউকে দায়ী করতে চান না প্রিয়ন্তী। তার মতে, সবাই নিজ নিজ দায়িত্ব পালন করছিলেন। এটি ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা। তবে ঘটনার সময় তাকে যে অসহনীয় ব্যথার মধ্য দিয়ে যেতে হয়েছে, সেটিও নিজের পোস্টে তুলে ধরেছেন তিনি।

গণমাধ্যমকে প্রিয়ন্তী বলেন, প্রথমে তার মনে হয়েছিল নাক হয়তো ভেঙে গেছে। পরে জানতে পারেন, নাক না ভাঙলেও বেশ ফুলে গেছে। মুখেও বড় ধরনের কোনো সমস্যা হয়নি। তবে এখনও প্রচণ্ড ব্যথা রয়েছে বলে জানান তিনি।

আঘাত পাওয়ার পরও শুটিং বন্ধ রাখেননি এই অভিনেত্রী। দুর্ঘটনার দিন রাত ২টা পর্যন্ত কাজ করেছেন এবং পরদিনও শুটিংয়ে অংশ নিয়েছেন। প্রিয়ন্তীর ভাষ্য, আর একদিন কাজ করলেই নাটকটির শুটিং শেষ হবে। তাই নিজের কারণে পরিচালক ও শুটিং দলের অন্য সদস্যদের সমস্যায় ফেলতে চাননি তিনি। এ কারণে অসুস্থতা ও ব্যথা নিয়েও কাজটি শেষ করার চেষ্টা করছেন।

জানা গেছে, বর্তমানে ‘মনের মতো’ নাটকের শুটিং করছেন প্রিয়ন্তী উর্বী। রাসেল আজম পরিচালিত নাটকটিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন আরশ খান।