আজ থেকে রাজধানীতে চালু নারীদের জন্য পিংক বাস সার্ভিস
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে পৃথক বাস সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। পিংক রঙের এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
আরও পড়ুন: ১৪ ‘পিংক বাস’ দিয়ে শুরু, নারীদের জন্য আসছে আরও ১০০ ই-বাস
বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ এই বাস সার্ভিসে চালক ও কন্ডাক্টর হিসেবে নারীরা দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন: ঢাকার সড়কে নারীদের জন্য ‘পিংক বাস’, চলবে যেসব রুটে
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।
যেসব রুটে চলবে পিংক বাস
বিআরটিসি জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে এসব বাস চলাচল করবে। রুটগুলো হলো—
নতুনবাজার (কোকাকোলা)-মতিঝিল
তালতলা-মতিঝিল
ডেমরা স্টাফ কোয়ার্টার-মতিঝিল
মিরপুর-১০-মতিঝিল
মিরপুর-১২-মতিঝিল
আব্দুল্লাহপুর-কোয়ার্টার-জিপিও
মিরপুর-মতিঝিল
মোহাম্মদপুর-মতিঝিল
এ ছাড়া গাজীপুর-বিমানবন্দর রুটেও বিশেষ বাস পরিচালনার কথা রয়েছে।
নতুনবাজার থেকে মতিঝিলগামী বাস কোকাকোলা, নতুনবাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে। অন্য রুটের বাসগুলো মিরপুর, মোহাম্মদপুর, ডেমরা ও আব্দুল্লাহপুরের সঙ্গে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে যুক্ত করবে।
ঢাকার বাইরে বগুড়া ও চট্টগ্রামেও চলবে
রাজধানীর পাশাপাশি দেশের আরও দুটি শহরেও নারীদের জন্য বিশেষ বাস পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি বাস এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস চলবে।
চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজার হয়ে চলাচল করবে।
বিআরটিসির আশা, নারীদের জন্য চালু করা এই বিশেষ বাস সার্ভিস গণপরিবহনে তাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ভূমিকা রাখবে। পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান ও অংশগ্রহণ বাড়াতেও উদ্যোগটি ইতিবাচক ভূমিকা রাখবে।





