শক্তিশালী কালবৈশাখীর আভাস, ১৬ জেলায় ঝুঁকি বেশি
সারা দেশে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে দেশের ১৬টি জেলায় ঝড়ের তীব্রতা বেশি থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।
শুক্রবার দুপুরে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান।
আরও পড়ুন: ছয় বিভাগে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা
তিনি বলেন, শুক্রবার রাত ৮টার পর থেকে শনিবার দুপুর ১২টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় তীব্র বজ্রপাত ও বড় আকারের শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ১৬টি জেলায় ঝড়ের তীব্রতা বেশি হতে পারে।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: তিন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
সংস্থাটি আরও জানায়, দেশের অন্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।





