১৫ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:৫০ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, ঢাকাসহ দেশের অন্তত ১৫টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

রোববার (৫ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: দেশে প্রবেশ করছে বৃষ্টিবলয় ‘গর্জন’

সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: গরমের পর স্বস্তি: সারাদেশে ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তরের আরেকটি পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। সপ্তাহজুড়ে এই ঝড়-বৃষ্টির পরিস্থিতি থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

এ ছাড়া, দেশের কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।