ঘন কুয়াশায় গোপালগঞ্জে চার গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ২০
গোপালগঞ্জে ঘন কুয়াশায় কারণে চারটি যানবাহনের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে আরও ২০ জন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ভোরে খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোষগাতি এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ওই দুটি যানবাহনের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এছাড়া গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরেকটি ট্রাকের ওই তিন যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়।
আরও পড়ুন: আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত: স্বাস্থ্যমন্ত্রী
এতে ঘটনাস্থলে অজ্ঞাত একজন নিহত হন। আহত হন ২০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে ফায়ার সার্ভিস। চারটি যানবাহনের সংঘর্ষের পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এতে বেশ কিছু যানবাহন আটকা পড়েছে।
দুর্ঘটনা কবলিত যানগুলো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। নিহত ও আহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন: উলিপুরে ঈদের দিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাখ টাকার ক্ষতি





