জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল লুট হওয়া অস্ত্র
নরসিংদীর রায়পুরা থেকে পরিত্যক্ত অবস্থায় কারাগারের লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২৫ আগস্ট (সোমবার) সন্ধ্যায় পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুরে ক্ষতি ২১ কোটি টাকা, মামলায় আসামি ৮০২৬ জন
এসময় একটি ৭.৬২ চায়নিজ রাইফেল ও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দের নেতৃত্বে উপপরিদর্শক মোবারক হোসেন, জামিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া বাজারের পাশে অবস্থিত জঙ্গলে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি চায়নিজ রাইফেল ও একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করতে সক্ষম হয়।
আরও পড়ুন: পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
তিনি আরও জানান, উদ্ধারকৃত ৭.৬২ চায়নিজ রাইফেলটি গত বছরের ১৯ জুলাই দুর্বৃত্তরা নরসিংদী কারাগারে হামলা চালিয়ে বেশ কিছু অস্ত্র লুট করে। ওই লুট হওয়া অস্ত্রের মধ্যে এই অস্ত্রটিও লুট হয়েছিল। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে বলেও তিনি জানান।





