পাকিস্তানে আফগানিস্তানের হামলা
পাকিস্তানি সেনাদের জীবিত ধরে নিয়ে গেছে আফগান সেনারা
গত সপ্তাহের বিমান হামলার জবাবে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন স্থানে অতর্কিত হামলা চালিয়েছে আফগানিস্তান। বৃহস্পতিবার রাতে চালানো এ হামলায় পাকিস্তানের কিছু সেনাকে জীবিত আটক এবং অনেককে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে আফগান পক্ষ। পাশাপাশি অন্তত ৪০টি সীমান্ত চৌকি দখলের কথাও বলা হয়েছে।
আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান। তিনি দাবি করেন, তীব্র সংঘর্ষে পাকিস্তানি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কিছু সেনাকে জীবিত আটক করা হয়েছে।
আরও পড়ুন: কূটনীতিকে অগ্রাধিকার দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ‘হাতের নাগালে’: আরাঘচি
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক কোরের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, গত রোববার নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার জবাব হিসেবেই বৃহস্পতিবার রাত থেকে পাল্টা হামলা শুরু হয়। সীমান্তজুড়ে তীব্র সংঘর্ষ চলছে বলেও উল্লেখ করা হয়।
অন্যদিকে পাকিস্তান দাবি করেছে, তারা আফগানিস্তানের বিপুলসংখ্যক সেনাকে হত্যা করেছে এবং অসংখ্য সীমান্ত চৌকি ধ্বংস করে দিয়েছে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে নজিরবিহীন মার্কিন সামরিক প্রস্তুতি
সীমান্ত পরিস্থিতি নিয়ে দুই দেশের পক্ষ থেকে পরস্পরবিরোধী দাবি আসায় উত্তেজনা আরও বেড়েছে।





