ছানি হত্যার বিচার দাবিতে ভোলায় বিক্ষোভ ও মানববন্ধন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:০৩ পূর্বাহ্ন, ২৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিনে মাদ্রাসাছাত্র জাহিদুল ইসলাম ছানি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।

রবিবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে পৌরবাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল শেষে থানার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুন: ওয়ালটন প্লাজার উদ্যোগে লক্ষ্মীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

নিহত ছানি (৯) বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের দিনমজুর মো. আকবর হোসেনের ছেলে এবং পৌর ১ নম্বর ওয়ার্ডের আল হেরা ইসলামিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিলেন।

মানববন্ধনে বক্তারা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, এই সময়ের মধ্যে যদি প্রকৃত হত্যাকারীদের আইনের আওতায় না আনা হয়, তাহলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুন: এমপি সালাহউদ্দিন আইউবীর উদ্যোগে জাতীয় সংসদ ভবন পরিদর্শনে কাপাসিয়ার ৮০ শিক্ষার্থী

এর আগে ছানির বাবা মো. আকবর হোসেন এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, গত ১৯ সেপ্টেম্বর তার ছেলে জাহিদুল ইসলাম ছানি ও বন্ধু তানভীর পৌর ১ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসার পাশে খেলছিল। এ সময় একই এলাকার ফখরুল ইসলাম নামের এক ব্যক্তি তাদের সুপারি পাড়ার জন্য গাছে উঠায়। গাছ থেকে পড়ে ছানি জ্ঞান হারিয়ে ফেলে। পরে ফখরুল তাকে একটি নির্জন বাড়িতে নিয়ে গিয়ে কিছুক্ষণ পর ড্রেনের ওপর ফেলে চলে যায় বলে অভিযোগ করেন তিনি।

আকবর হোসেন আরও জানান, অনেক খোঁজাখুঁজির পর দুপুর ২টার দিকে ছেলের বন্ধু তানভীরের দেওয়া তথ্য অনুযায়ী সুপারি গাছের পাশের ড্রেন থেকে ছানির মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিদ্দিকুর রহমান বলেন, আমি আগেও বলেছি থানায় মামলা নেব, এখনো বলছি মামলা নেব। তারপরও কেন তারা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন, তা বুঝতে পারছি না।

স্থানীয়রা দ্রুত ছানি হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।