নারীদের জন্য বিশেষ ছুটি চান শ্রুতি হাসান
শুটিংয়ের সময় নারীদের শারীরিক কষ্টের বিষয়টি বিবেচনায় নিয়ে কাজের চুক্তিতে আনুষ্ঠানিকভাবে ‘পিরিয়ড লিভ’ রাখার দাবি জানিয়েছেন অভিনেত্রী শ্রুতি হাসান। সম্প্রতি অভিনেত্রী সোহা আলি খানের পডকাস্টে অংশ নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন শ্রুতি। তিনি জানান, পিসিওএসের কারণে ক্যারিয়ারের শুরুর দিকে শুটিংয়ের সময় তাকে তীব্র শারীরিক কষ্টের মধ্য দিয়ে কাজ করতে হয়েছে। কিন্তু সেটে বিষয়টি নিয়ে কথা বলাও একসময় সামাজিক ট্যাবুর মতো ছিল।
শ্রুতি বলেন, ‘আমার মনে হয় এর একটাই সমাধান আছে। আমি বহুবার ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড শুরু হয়! তাহলে অন্তত আমাদের কাজের কন্ট্রাক্টে আনুষ্ঠানিকভাবে ‘পিরিয়ড লিভ’ লেখার বাধ্যবাধকতা থাকত।’
আরও পড়ুন: সালমান শাহর জন্মদিনে কি অনুরোধ করলেন শাবনূর
শুটিং সেটে নারীদের শারীরিক সমস্যাকে অনেক সময় গুরুত্ব না দেওয়ার অভিজ্ঞতাও জানান তিনি। এক পুরুষ সহ-অভিনেতার হাঁটুর অস্ত্রোপচারের পর পুরো শুটিং টিম সহজেই শিডিউল পরিবর্তন করেছিল। সেই ঘটনা থেকেই নিজের পিরিয়ডজনিত সমস্যার কথা একজন পরিচালকের কাছে সরাসরি জানান শ্রুতি।
তার ভাষ্য, সৌভাগ্যক্রমে ওই পরিচালকের মেয়ে থাকায় তিনি বিষয়টি সহজেই বুঝতে পেরেছিলেন এবং শুটিং সেটের পরিবেশও ইতিবাচক হয়ে ওঠে। শ্রুতির এই বক্তব্যে সোহা আলি খানও সমর্থন জানান। পডকাস্টে দুজনেই বিষয়টি নিয়ে রসিকতার পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের শারীরিক প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আরও পড়ুন: আজ চিত্রনায়ক সালমান শাহর জন্মদিন
বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত শ্রুতি হাসান। রজনীকান্তের ‘কুলি’ সিনেমায় অভিনয়ের পর এবার বিজয় সেতুপতির সঙ্গে ‘ট্রেন’ এবং দুলকার সালমানের সঙ্গে ‘আকাশমলো ওকা তারা’ সিনেমায় দেখা যাবে তাকে।





