খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:০৪ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাগর নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর রূপসা সেতুর পূর্বপাড়ে জাবুসা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাগর গ্রিন বাংলা হাউজিং এলাকার বাসিন্দা ফায়েক শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে সাগর বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে এলোপাতাড়ি গুলি চালায়। একটি গুলি তার মাথায় এবং আরেকটি গুলি হাঁটুতে লাগে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন: শ্যামনগরে ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই

আহত অবস্থায় স্থানীয়রা সাগরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গৌতম জানান, রাত ১০টা ২০ মিনিটের দিকে গুলির শব্দ শুনে এলাকার এক বাসিন্দা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। পরে ৯৯৯ কর্তৃপক্ষ থেকে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।

আরও পড়ুন: রাষ্ট্রপতি পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার

রূপসা থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ দাশ বলেন, রাতের ডিউটির সময় ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হয়েছে। তবে কারা এবং কী কারণে সাগরকে গুলি করে হত্যা করা হয়েছে—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত চলছে এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।