শরীয়তপুরে এনসিপি ও ছাত্রদলের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত ৮

Sanchoy Biswas
মিরাজ পালোয়ান, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:১৪ পূর্বাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৮ জন আহত হন। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন দুই দলের নেতা-কর্মীরা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গুলি করে হত্যা ও খুলনায় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক মোতালেব শিকদারের উপর গুলির প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবী জানিয়ে শরীয়তপুর শহরের চৌরাঙ্গী এলাকা দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিলেন এনসিপির নেতাকর্মীরা। মিছিলের মধ্যে এক ছাত্রদল কর্মীর মোটরসাইকেল ঢোকা নিয়ে কথা-কাটাকাটি এবং একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় ককটেল বিস্ফোরণ ঘটানো হলে অন্তত ৫ জন আহত হন।

আরও পড়ুন: কাপাসিয়ার সার্বিক উন্নয়নে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন শাহ রিয়াজুল হান্নান

জেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল তালুকদার বলেন, “আমাদের ছাত্রদলের এক কর্মীকে রাস্তা দিয়ে যাওয়ার সময় আটকে রাখে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসলে আমাদের উপর অতর্কিত হামলা চালায় এনসিপির নেতাকর্মীরা। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

পাল্টা অভিযোগ করে জেলা নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার বলেন, “আমরা হাদী হত্যার বিচার দাবিতে ও খুলনায় এনসিপি নেতার উপর গুলির প্রতিবাদে মিছিল নিয়ে যাচ্ছিলাম। ছাত্রদলের একটি ছেলে মোটরসাইকেল নিয়ে আমাদের মিছিলে ঢুকে যায় এবং আমাদের এক কর্মীর উপর হামলা চালায়। পরে আমরা তাকে ধরে রাখলে ছাত্রদলের সদস্য সচিব সোহেল ও তার লোকজন এসে আমাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

আরও পড়ুন: 'নির্বাচন আকাশে যাবে, ভোটের বাক্স নিয়ে যাবে নদীর দিকে'

বিষয়টি নিয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, “এনসিপির মিছিলে একটি মোটরসাইকেল ঢুকে পড়া নিয়ে ছাত্রদলের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”