সাবেক তথ্য উপদেষ্টার পিতা ভোট চাইলেন ধানের শীষে আর ভাই এনসিপি প্রার্থী
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ব্যতিক্রমী এক রাজনৈতিক চিত্র দেখা গেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা-কলি প্রতীকে যেখানে ছেলে প্রার্থী হয়ে ভোটের মাঠে লড়ছেন, সেখানে বাবা প্রকাশ্যে বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চাইছেন।
ওই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মাহবুব আলম। তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। আসন্ন নির্বাচনে তিনি রামগঞ্জ আসনে ১০-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হয়েছেন। তার বাবার নাম আজিজুর রহমান। তিনি ওই আসনের বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের পক্ষে পথসভা করে ভোট চাচ্ছেন।
আরও পড়ুন: নিকলীতে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মাহবুব আলমের বাড়ি উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার মোল্লা বাড়িতে। তার বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থীর সঙ্গে অন্তত ১৮টি পথসভায় অংশ নিয়েছেন তিনি। এসব সভায় তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন।
আরও পড়ুন: নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
বিএনপির পক্ষে ভোট চাওয়ার কথা স্বীকার করে আজিজুর রহমান সাংবাদিকদের বলেন, “পরিবার আমার ব্যক্তিগত বিষয়, আর রাজনীতি আমার আদর্শ ও অবস্থানের জায়গা। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করার কোনো সুযোগ নেই। এ কারণেই নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নেমে ভোট চাইছি। ছেলের জন্য বাবা হিসেবে দোয়া করি।”
এ বিষয়ে এনসিপির প্রার্থী মাহবুব আলম সাংবাদিকদের বলেন, “বিষয়টি নজরে এসেছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। বিষয়টি নিয়ে আমার বাবাকেই জিজ্ঞাসা করতে পারেন।”





