টাঙ্গাইল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে অসুস্থ হয়ে দুই সমর্থকের মৃত্যু

Sanchoy Biswas
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ন, ০৯ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:২৯ অপরাহ্ন, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবালের আখেরি মিছিলে অংশ নিতে এসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুই সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে শহরের ভিক্টোরিয়া সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের পাকুল্যা এলাকার জনাব আলী এবং ছোনাট গ্রামের জিয়াউর রহমান।

আরও পড়ুন: ‘নতুন কুলাউড়া’ গড়ার ঘোষণা জামায়াত প্রার্থী সায়েদ আলীর

প্রত্যক্ষদর্শীরা জানায়, টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের শেষ দিনের নির্বাচনী মিছিল শুরুর আগ মুহূর্তে একজন ও মিছিল চলাকালীন এক সমর্থক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় একজন হৃদরোগে আক্রান্ত হন এবং অপরজনের ডায়াবেটিসের মাত্রা কমে যায়। পরে তাদের দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক এ দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোক বিরাজ করছে।

আরও পড়ুন: সাম্প্রদায়িক সম্প্রীতির নবীনগর গড়বো: অ্যাড. মান্নান

এ বিষয়ে শোক প্রকাশ করেছে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবাল। তিনি বলেন, নিহতদের পরিবারের সার্বিক সহযোগিতা করা হবে। তাদের দাফন-কাফনের সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।