এশিয়ান হাইওয়ে সড়কে ময়লার স্তূপ, বাড়ছে জনদুর্ভোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র ভূলতা গাউছিয়া এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের ওপর প্রকাশ্যে ময়লা ও আবর্জনা ফেলার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লার স্তূপ থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে, যা স্বাভাবিক চলাচলকে ব্যাহত করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এটি নারায়ণগঞ্জ জেলার অন্যতম ব্যস্ত যোগাযোগপথ। তবে নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় সড়কের মাঝখান ও পাশে অবাধে ময়লা ফেলা হচ্ছে। ফলে যান চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে।
আরও পড়ুন: ফেনীতে সোশ্যাল এইডের উদ্যোগে ৮৮০ পরিবারে মাংস বিতরণ
প্রতিদিন এই সড়ক দিয়ে লক্ষাধিক মানুষ অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ব্যবসায়িক কাজে যাতায়াত করেন। রূপগঞ্জের বৃহত্তম বাণিজ্যকেন্দ্র ভূলতা গাউছিয়া কাপড়ের মার্কেটে যেতে এ সড়কই প্রধান ভরসা।
এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-এর সঙ্গে সংযোগ থাকায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দূরপাল্লার যানবাহনও নিয়মিত চলাচল করে এই পথে। কিন্তু সড়কে জমে থাকা ময়লার কারণে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে।
আরও পড়ুন: সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্গন্ধ ও দূষণের কারণে শিশু, শিক্ষার্থী ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যসমস্যা বাড়ছে। দীর্ঘদিন ধরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
সাংবাদিক ইমরান ভূইয়া বলেন, গুরুত্বপূর্ণ সড়কে ময়লার ভাগাড় গড়ে ওঠা অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত ব্যবস্থা না নিলে দুর্ঘটনা ও রোগবালাই আরও বাড়তে পারে।
ব্যবসায়ী আমিনুল ইসলাম জানান, দুর্গন্ধ ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ক্রেতারা এলাকায় আসতে অনীহা দেখাচ্ছেন। এতে ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি দ্রুত ময়লা অপসারণ ও নির্দিষ্ট ডাম্পিং স্টেশন স্থাপনের দাবি জানান।
গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, ভূলতা গাউছিয়া এলাকায় নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় সমস্যাটি সৃষ্টি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, অবিলম্বে সড়ক থেকে ময়লার ভাগাড় অপসারণ এবং আধুনিক ও নির্ধারিত ডাম্পিং স্টেশন স্থাপন না করা হলে রূপগঞ্জের এই গুরুত্বপূর্ণ সড়কে জনদুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করবে। সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর ও টেকসই পদক্ষেপই পারে সমস্যাটির স্থায়ী সমাধান নিশ্চিত করতে।





