নরসিংদীতে দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৫:০২ পূর্বাহ্ন, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ৫:০২ পূর্বাহ্ন, ১৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর পলাশে একই মহল্লার পৃথক দুই বাড়ি থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঘোড়াশাল পৌরসভার বাগপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত: স্বাস্থ্যমন্ত্রী

এরা হলেন, ঘোড়াশাল পৌরসভার বাগপাড়া এলাকার আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিম (২৮) এবং একই এলাকার বাশির উদ্দিনের ছেলে শেখ শরিফ (২৭)। এরা দু'জনই পরস্পর বন্ধু। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত মিমের বাবা-মা অন্য জায়গায় থাকার সুবাদে মিম বাড়িতে একাই থাকতেন। এশার নামাজের পর ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের আড়ার সঙ্গে মিমের ঝুলন্ত লাশ দেখতে পায়। উদ্ধার হওয়া লাশে পচন ধরে যাওয়ায় কয়েকদিন আগে মিম আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আরও পড়ুন: উলিপুরে ঈদের দিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাখ টাকার ক্ষতি

পরে পুলিশ মিমের বন্ধু শরিফের বাড়িতে গিয়ে তার ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে একই অবস্থায় গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ দেখতে পায় পুলিশ। ওই বাড়িতে নিহত শরিফের অসুস্থ মা থাকতেন। তবে তিনি এ বিষয়ে কোনো কিছু টের পাননি বলে জানান পুলিশকে।

তবে পুলিশের ধারণা ২৪ ঘণ্টার মধ্যেই শরিফ আত্মহত্যা করেছেন।

এবিষয়ে পলাশ থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, তারা পরস্পরের বন্ধু। তারা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছ। তিনি আরও বলেন, দুজনেই মাদকাসক্ত ছিলেন বলে ধারণা করা যাচ্ছে।  তবে কি কারণে তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে জানতে চাইলে তিনি বলেন, এখন কিছু বলা যাচ্ছে না। তবে তদন্তের পর বিস্তারিত বলা যাবে। পরে পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।